বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার(১৩ সেপ্টেম্বর) ভোররাতে সুজনের স্ত্রী হোসনেআরা বেগম ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের তত্ত্বাবধানে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী হোসনেআরা বেগম জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তান একসাথে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে তিনি তাঁর স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখেন। গভির রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলেন তিনি। তবে এর কারণ সে বলতে পারেনি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেন এই কর্মকর্তা।
/কানিজ/হ.ম.অলি রহমান

