চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় নিজ বাসা থেকে মৌসুমী হিজরা নামে হিজড়া সম্প্রদায়ের একাংশের গুরুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) নগরীর আমবাগান রেলওয়ে কলোনী সংলগ্ন মাসুদ কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী হিজরা ওই এলাকার হিজড়া সম্প্রদায়ের একটি অংশের গুরুমা হিসেবে পরিচিত ছিলেন। নিজ বাসায় তার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়।
মরদেহের গলায় চিকন কালো দাগ, মুখমণ্ডলে বিকৃতির চিহ্ন এবং মুখে রক্তের দাগ দেখা গেছে বলে জানা গেছে। এ ছাড়া তার জিহ্বা বের হয়ে ছিল এবং হাতেও কালো দাগ ছিল।
খুলশী থানা পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
তবে হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

