etcnews
ঢাকাWednesday , 26 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মহাসাগরগুলোতে এ যাবৎকালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

etcnews
August 26, 2026 12:16 pm
Link Copied!

বিশ্বের মহাসাগরগুলো আগস্ট মাসে এ যাবৎকালের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রায় পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২২ আগস্ট মেরু অঞ্চল বাদে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। ইউরোনিউজ এ খবর প্রকাশ করেছে।এটি ২০২৪ সালের মার্চে রেকর্ড হওয়া ২১ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াসের আগের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। একই সঙ্গে আগস্ট মাসের আগের রেকর্ড ২০ দশমিক ৯৮ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২৩ সালে রেকর্ড হয়েছিল, সেটিও ভেঙে গেছে।সাধারণত দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের প্রভাবে মার্চ ও এপ্রিল মাসে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে। কিন্তু এবার আগস্টে এসে নতুন রেকর্ড হওয়ায় বিজ্ঞানীরা সমুদ্রের দীর্ঘস্থায়ী উষ্ণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ সময়ে প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে শক্তিশালী এল নিনো তৈরি হচ্ছে। এর ফলে সমুদ্রে অতিরিক্ত তাপ যোগ হচ্ছে। তবে বিজ্ঞানীরা বলছেন, শুধু এল নিনো দিয়ে এই রেকর্ড তাপমাত্রার ব্যাখ্যা করা যায় না। কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনও সমুদ্রের দীর্ঘমেয়াদি উষ্ণতার বড় কারণ।পরিবেশবিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে, উষ্ণ সমুদ্র সামুদ্রিক তাপপ্রবাহের ঝুঁকি ও তীব্রতা বাড়ায়। এতে প্রবালপ্রাচীর, সামুদ্রিক ঘাস ও অন্যান্য সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে বিভিন্ন সামুদ্রিক প্রজাতি নতুন এলাকায় চলে যাওয়ায় মৎস্য ও জলজ চাষও ক্ষতির মুখে পড়তে পারে।

কোপার্নিকাসের তথ্য বলছে, ১৯৯০-এর দশকের শুরুর তুলনায় বিশ্বজুড়ে সামুদ্রিক তাপপ্রবাহের দিনের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে।

সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির আরেকটি বড় প্রভাব হলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। পানি উত্তপ্ত হলে তা প্রসারিত হয়, ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে। পাশাপাশি উষ্ণ সমুদ্র বায়ুমণ্ডলে বেশি তাপ ও জলীয়বাষ্প সরবরাহ করতে পারে, যা কিছু অঞ্চলে অতিবৃষ্টি ও ঝড়ের তীব্রতা বাড়াতে পারে।

আরও উদ্বেগের বিষয় হলো, বায়ুমণ্ডলের অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইডের একটি বড় অংশ সমুদ্র শোষণ করে। কিন্তু পানি যত উষ্ণ হয়, কার্বন ডাই-অক্সাইড শোষণের সক্ষমতা তত কমে। ফলে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কার্বন শোষক হিসেবে সমুদ্রের ভূমিকা ভবিষ্যতে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: ইউরোনিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।