প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। টেকনোক্র্যাট কোটায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে হুমায়ুন কবিরকে শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।হুমায়ুন কবিরকে দায়িত্ব দেওয়ার ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে দপ্তর বণ্টন হলেও আগের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও তার পদে বহাল থাকছেন। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীসহ মোট তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী মন্ত্রণালয়টির দায়িত্ব সামলাবেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরের দায়িত্বও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকায় কাজের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো অসুবিধা নেই।’
মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকাকালে পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতার কারণেই এবার তাকে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যে সরকার এখানে দুই প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে আমরা কাজ করব।’

