বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একইসঙ্গে দেশের পর্যটন খাতের বিস্তারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ‘ফেস’ হিসেবে বাংলাদেশ বিমান, সিভিল এভিয়েশন ও পর্যটন করপোরেশনকে যেভাবে সাজাতে চান, সেই লক্ষ্যেই হয়তো মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, আমাদের সঙ্গে যিনি ছিলেন, তিনিও একটি মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন। আমি মনে করি, প্রধানমন্ত্রী চান আমরা যেন ডায়নামিক ওয়েতে কাজগুলো সম্পন্ন করতে পারি এবং পর্যটনের বিস্তার ঘটাতে পারি।প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই বাংলাদেশের উন্নতি এবং জনগণের উন্নতির জন্য। তিনি কীভাবে, কাকে দিয়ে, কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে চিন্তা করেই আমাদের পদায়ন করেছেন।
নিজের দায়িত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।
নতুন দায়িত্বে চ্যালেঞ্জ প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, চ্যালেঞ্জ তো অনেক রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য যেটি দরকার, সেটি আমরা করার চেষ্টা করব।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

