বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারত, পাকিস্তান ও নেপালের প্রেসিডেন্ট। এ ছাড়া অভিনন্দন জানিয়েছে সুইজারল্যান্ডও।গতকাল শুক্রবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু এক চিঠিতে মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ করে লিখেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আত্মবিশ্বাসী যে, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল মেয়াদের সূচনা করবে।দ্রৌপদি মুর্মু লিখেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য, যা ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সাম্প্রতিককালে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, সংযোগ, যুববিষয়ক, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমাগত সম্প্রসারিত হয়েছে। আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে অংশীদারত্ব আরও দৃঢ় করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষা করছি।
চিঠিতে ভারতের রাষ্ট্রপতি আরও লিখেছেন, আপনার সুস্থতা ও সুখ, দায়িত্ব সফলভাবে পালন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা গ্রহণ করুন।বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনন্দন বার্তায় জারদারি আস্থা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতিকে স্বাগত জানান। আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে।
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে আরও বেশি যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। রাষ্ট্রপতি ফখরুলকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট জারদারি। তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা গভীর করার সুযোগ সৃষ্টি করবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। গতকাল এক অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন নেপালের প্রেসিডেন্ট।
রামচন্দ্র পৌডেল নেপাল ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
নেপালের প্রেসিডেন্ট বলেন, ঐতিহাসিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বন্ধনে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।
সুইজারল্যান্ড দূতাবাস বৃহস্পতিবার তাদের ফেসবুক পেজে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে দেওয়া পোস্ট লিখেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন। দীর্ঘদিনের অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করে যেতে আগ্রহী সুইজারল্যান্ড।
এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, ন্যায়বিচার, ইনসাফ ও জনকল্যাণের নীতিকে সমুন্নত রেখে সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং আলেম-ওলামার মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।

