দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক বিভ্রান্তি ও অপপ্রচারকারী রয়েছে। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। অতীতের ভূমিকা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও তাদের কার্যক্রমের ওপর নজর রাখতে হবে। দেশের স্থিতিশীলতা নষ্ট হয়, এমন কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও তিনি আহ্বান জানান।
সাম্প্রতিক সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত থেকে যারা এখন সংস্কারের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপি ২০২২ সালেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছিল বলেও দাবি করেন তিনি।সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের সহায়তা, কৃষির আধুনিকায়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।তিনি বলেন, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলতে না পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশকে অন্য কোনো দেশের অনুকরণে নয়, বরং আত্মনির্ভরশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে জেলার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ভিক্ষু ও পাদ্রিসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানি দেওয়া হয়। অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তার চেক এবং একজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য ফজলুর রহমান, মাজহারুল ইসলাম ও জালাল উদ্দীন বক্তব্য দেন।

