হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান।আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি জানান, ওমানের সুলতান বলেছেন, প্রণালিটি ব্যবহারকারী দেশগুলোর মতামত নিয়ে পরামর্শ করা হবে এবং সেসব মতামতকে সম্মান করা হবে।বর্তমানে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে।
ওমানের সংবাদমাধ্যম মাসকাট ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, দুই নেতা আঞ্চলিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। এ সময় তাকাইচি সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ওমানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন।এ ছাড়া পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন তারা।
এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাও অচলাবস্থায় থাকায় প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

