গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আসন সংকট দেখা দেয়। এতে অনেক শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত প্রতিনিধিকে দাঁড়িয়ে থেকেই অনুষ্ঠান উপভোগ করতে হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ অডিটোরিয়ামের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতারাও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়ে আসছেন।
শিক্ষার্থীদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে বারবার আসন সংকটের সৃষ্টি হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নাজমুস সাদাত নিয়োগ পান। কিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন যে, অডিটোরিয়াম সংকট নিরসনে এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

