বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, এ.কে.এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপে উত্থাপিত অভিযোগের কারণে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫-এর (খ) ও (ঙ) ধারার পরিপন্থী হওয়ায় বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দপ্তর আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুসারে খোরাকি ভাতা পাবেন। তবে এ সময় তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা নিশ্চিত হওয়ার পরই তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
এদিকে, প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

