ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আলশিয়া-কৃষ্টপুর এলাকায় অবস্থিত কৃষ্টপুর উচ্চ বিদ্যালয় ও হাজীপুর মহাবিদ্যালয় মাঠের ক্রিকেট পিচ নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় ভূট্টা ব্যবসায়ী মকলেশের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ওই মাঠে ভূট্টা শুকাচ্ছিলেন মকলেশ। শনিবার (২০ জুন) ভূট্টা শুকানো শেষে একটি গাড়িতে তা তোলার পর তিনি বিকল্প রাস্তা ব্যবহার না করে ইচ্ছাকৃতভাবে ক্রিকেট মাঠের পিচের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এতে মাঠের পিচ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর এলাকায় ক্রীড়াপ্রেমী তরুণ ও খেলোয়াড়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় যুবকরা জানান, দীর্ঘদিন ধরে তারা এই মাঠে নিয়মিত খেলাধুলা করে আসছেন। খেলাধুলার মাধ্যমে এলাকার অনেক তরুণ মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের সুযোগ পাচ্ছে। কিন্তু মাঠের পিচ নষ্ট হয়ে যাওয়ায় তাদের খেলাধুলা ব্যাহত হবে।
স্থানীয়রা আরও জানান, এর আগেও কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে মাঠের পিচ ও খেলার পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছিল। তবে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
এলাকাবাসীর দাবি, খেলার মাঠ ও পিচ রক্ষায় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি যারা ইচ্ছাকৃতভাবে মাঠের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
স্থানীয়দের মতে, খেলার মাঠ একটি এলাকার যুবসমাজের বিকাশ ও সুস্থ বিনোদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই মাঠের পরিবেশ ও অবকাঠামো রক্ষায় সকলের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
/কানিজ/মোতাহার

