ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তার অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন। স্থানীয় সময় রোববার (১০ মে) সকাল ১০টায় তার শপথ অনুষ্ঠান শুরু হবে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়) অল্প সময়ের মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এর মাধ্যমে রাজ্যে সরকার গঠন নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তার অবসান ঘটছে। সোমবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এ নিয়ে জোর আলোচনা চলছিল।
সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন নিশ্চিত করতে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া ৫১ বছর বয়সী বিজয়কে পাঁচ দিন সময় নিতে হয়েছে। এ সময় তিনি গভর্নরের সঙ্গে চারবার বৈঠক করেন এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে দীর্ঘ আলোচনা চালান।গত মাসের নির্বাচনে বিজয়ের দল টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায়। শনিবার তিনি গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার-এর সঙ্গে সাক্ষাৎ করে জানান, তিনি কংগ্রেসের পাঁচজন এমপি, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) দুজন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) দুজন করে এমপির সমর্থন পেয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, বিজয় দুটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছাড়তে হবে। ফলে জোটের মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ১২০ জন বিধায়কে।
আজ সকাল ১০টায় চেন্নাই-য়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রায় ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো তামিলনাড়ুতে ডিএমকে বা এআইএডিএমকে-র বাইরে অন্য কোনো দলের সরকার গঠিত হতে যাচ্ছে। তার শপথ অনুষ্ঠানে ইতোমধ্যে রাহুল গান্ধী এসে পৌঁছেছেন। আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তি উপস্থিত থাকবেন।

