পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স হলে বিজনেস ক্লাব, পবিপ্রবির উদ্যোগে বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত হয়েছে “Shaping Your Career in the Business Field: Mastering Accounting Careers & Software Systems” শীর্ষক সেমিনার।
বিজনেস ক্লাব, পবিপ্রবি ও ট্যালি সলিউশন প্রাইভেট লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে গোল্ড স্পন্সর হিসেবে ছিলেন প্রসেস আইটি লিমিটেড। শিক্ষার্থীদের মাঝে ব্যবসায়িক ক্যারিয়ার, অ্যাকাউন্টিং সফটওয়্যার ও ইন্ডাস্ট্রি-রিলেটেড স্কিল বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিজনেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি তালহা রশিদ আদর এবং কো-রিপ্রেজেন্টেটিভ অরিয়া আফরোজ। শুরুতে বিজনেস ক্লাবের সেক্রেটারি আরমান বিন আওলাদ ক্লাবের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এরপরই বক্তব্য প্রদান করেন বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আফজাল হোসেন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বিজনেস ক্লাবের চিফ মডারেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। এছাড়াও ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক বদিউজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ট্যালি সলিউশন প্রাইভেট লিমিটেডের রিজিয়নাল হেড ভিকাশ আর পাঞ্চাল এবং কান্ট্রি ম্যানেজার প্রজিত কুমার দাস। ভিডিও বার্তার মাধ্যমে তারা আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যার, ক্যারিয়ার সম্ভাবনা ও দক্ষ মানবসম্পদ তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এছাড়া প্রসেস আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বর্তমান চাকরির বাজারে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনীয়তা এবং সফটওয়্যারভিত্তিক কাজের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের শেষ পর্বে ট্যালি সলিউশন প্রাইভেট লিমিটেডের সহকারী বিজনেস ম্যানেজার মুহাম্মদ আলিফ আব্দুল্লাহ ট্যালি সফটওয়্যারের প্রোডাক্ট ডেমো উপস্থাপন করেন। এতে শিক্ষার্থীরা সফটওয়্যারটির ব্যবহারিক দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। এরপরই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।
এ সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি-রিলেটেড স্কিল, ব্যবসায়িক ক্যারিয়ারের বিভিন্ন সুযোগ, পেশাগত প্রস্তুতি শক্তিশালী করার কৌশল এবং ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন।
সবশেষে বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আফজাল হোসেন অতিথি, শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
/কানিজ/মুশতাক

