etcnews
ঢাকাSunday , 26 April 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিপিএসের আলোকচিত্রে তৃতীয় লিঙ্গের জীবনসংগ্রাম

etcnews
April 26, 2026 6:31 pm
Link Copied!

গবি প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে “তৃতীয় চোখে অন্য জীবন” প্রতিপাদ্যেকে কেন্দ্র করে গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (জিবিপিএস) এর আয়োজনে “চতুর্থ আলোকচিত্র প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় অধ্যাপক নিলুফার সুলতানা এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীটি আগামী সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

আয়োজকেরা জানান, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনসংগ্রামকে নতুন দৃষ্টিতে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল লক্ষ্য। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তৃতীয় লিঙ্গের ছয়জন নিরাপত্তাকর্মীর জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প ছবির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য সুপরিচিত বিশ্ববিদ্যালয়টিতে, ২০১৮ সালে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে তৃতীয় লিঙ্গের ছয়জন ব্যক্তিকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা ব্যাপক প্রশংসা পায়।

প্রদর্শনীতে অংশ নেওয়া আলোকচিত্রগুলোতে এসব কর্মীর দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতার নানা দিক ফুটে উঠেছে। আয়োজকদের মতে, এ উদ্যোগ দর্শনার্থীদের মধ্যে সহমর্মিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ। পাশাপাশি জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা প্রকল্প টেকনিক্যাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর গল্প তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নিলুফার সুলতানা বলেন, “তৃতীয় চোখে অন্য জীবন” প্রদর্শনীটি সমাজের সংবেদনশীল বাস্তবতাকে সুন্দরভাবে তুলে ধরেছে। তিনি জানান, তৃতীয় লিঙ্গের মানুষের জীবনসংগ্রাম সৃজনশীলভাবে উপস্থাপন করা প্রশংসনীয় উদ্যোগ। এ আয়োজন সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা বহন করছে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও ডা. জাফরুল্লাহ চৌধুরী-এর দর্শন অনুধাবনের সুযোগ দিচ্ছে।

গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি সভাপতি নাজমুল মুক্তাদির সাইমুম বলেন, আলোকচিত্র প্রদর্শনীটি একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মীদের জীবনসংগ্রাম ও না বলা গল্পগুলো তুলে ধরা হয়েছে। এই আয়োজন সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। পাশাপাশি ডা. জাফরুল্লাহ চৌধুরী-এর মানবিক দর্শন অনুধাবনের সুযোগ সৃষ্টি করবে। তিনি সবাইকে এমন উদ্যোগে অংশ নিয়ে সমতাভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুলাই প্রথমবারের মত এ আলোকচিত্র প্রদর্শিত হয়।

/কানিজ/রিফাত

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।