গবি প্রতিনিধি
গণ বিশ্ববিদ্যালয়ে ‘মেধাস্বত্ব রক্ষা করি, উদ্ভাবনে এগিয়ে যাই; ক্রীড়াই প্রযুক্তি, উন্নয়নে গতি’ প্রতিপাদ্যে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপন করা হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিওরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে মূল ফটক থেকে শুরু হওয়া র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ওয়াহিদা জামান লস্কর, পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম নোমান আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুল কাদের এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। দেশের টেকসই উন্নয়নে মেধাস্বত্ব রক্ষার সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা।
/কানিজ/রিফাত

