সরকারের দ্বিতীয় ও চলতি ২০২৫-২৬ অর্থছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। সচিবালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন প্রকল্প, সাতটি সংশোধিত এবং বাকি চারটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। এরমধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের চারটি, কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প রয়েছে। এ ছাড়া একনেক ও প্রধানমন্ত্রীর অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হবে।
এর আগে গেল ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়। ওই বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়।

