সেলিমুর রহমান :
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা বিএনপির নেতা মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বর্তমানে পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা সংগঠন, সংসদ এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর পিতা হাজী বশির উল্যাহ চৌধুরী এবং মাতা হোসেনে আরা বেগম। পারিবারিক শিক্ষার প্রভাবে শৈশব থেকেই তাঁর মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা ও নেতৃত্বগুণ বিকশিত হয়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন এডুকেশন সম্পন্ন করেন।ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্মীপুরে মূসার খাল খনন কর্মসূচির সময় তিনি প্রথম ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। এরপর তেজগাঁও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৯ সালে জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস এবং ১৯৯০ সালে সর্বোচ্চ ভোটে ডাকসুর সদস্য নির্বাচিত হন। পরে ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি ও ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাত্র বিষয়ক সম্পাদক এবং পরে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির যুগ্ম-মহাসচিব, ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি তিনবার লক্ষ্মীপুর-৩ (সদর উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো লক্ষ্মীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সর্বদলীয় সংসদীয় গ্রুপ (APPG)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১০ সালে এই দলের প্রতিনিধিত্ব করে নিউইয়র্কে জাতিসংঘের সভায় অংশগ্রহণ করেন। ২০১৩ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপের (ভারপ্রাপ্ত) দায়িত্বও পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি পারভীন আক্তার চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাদের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
রাজনীতি, সমাজসেবা এবং রাষ্ট্র পরিচালনায় সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের আদর্শ ধারণ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি দীর্ঘদিন ধরে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

