etcnews
ঢাকাSaturday , 6 December 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে শিগগির আলোচনা চায় মিত্ররা

etcnews
December 6, 2025 4:28 am
Link Copied!

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দুই দফায় ২৭২ আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসতে চায়। শরিকদের কারও মনোনয়নই এখনো চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে তারা এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যদিও এরই মধ্যে তাদের কয়েকজনকে প্রার্থিতার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি। তবে নির্বাচনের তপশিল ঘোষণার সময় এগিয়ে আসায় শরিক দলগুলোর নেতারা এখন আসন সমঝোতার বিষয়ে স্পষ্ট হতে চান, একই সঙ্গে চান আনুষ্ঠানিক ঘোষণাও।

শরিক দলের নেতারা মনে করছেন, বিএনপি যেহেতু এরই মধ্যে তাদের দলীয় প্রার্থীদের আসনগুলোতে নাম ঘোষণা করে দিয়েছে, এখন জোটের আসনগুলোতেও প্রার্থীর নাম ঘোষণা করা দরকার। এজন্য তারা শিগগির বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চান। একই সঙ্গে ঘোষিত আসনগুলোর মধ্যে যেখানে জোটের শীর্ষ নেতারা বাদ পড়েছেন, সেগুলোতেও মনোনয়ন পুনর্বিবেচনা চান। দলীয় সূত্রে জানা গেছে, জোটের যারা বাদ পড়েছেন, তাদের কাউকে কাউকে সংসদের উচ্চকক্ষ কিংবা ক্ষমতায় গেলে অন্যভাবে মূল্যায়নের চিন্তা রয়েছে বিএনপির।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৬ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিএনপি। এর এক দিন পর মাদারীপুর-১ আসনে ঘোষণা করা প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। এক মাস পর গত বৃহস্পতিবার আরও ৩৬ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সে হিসাবে মোট ২৭২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলো। এখন ফাঁকা রয়েছে আর ২৮ আসন। বিএনপি থেকে বলা হয়েছে, এই ফাঁকা আসনগুলোতে মূলত শরিকরাই নির্বাচন করবেন।

ফাঁকা আসনগুলো প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের অ্যালায়েন্সের (জোট) সঙ্গে যারা আছেন, মূলত এগুলো তাদের। এ ছাড়া আমাদেরও দু-একটির ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। বাকিগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব।’

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, ‘গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা ছাড়াই বিএনপি দুই দফায় তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। অনুমান করি, অন্য শরিকদের সঙ্গেও আলোচনা করেনি। একতরফাভাবে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করছে। উনারা এখন দেখছি, দেখবেন, যাচাই-বাছাই করছেন—এ রকম কথাবার্তার মধ্যে আছেন। এর ফলে শরিকদের আসন সমঝোতার বিষয়টি এক ধরনের দীর্ঘসূত্রতায় পর্যবসিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা আগে থেকেই মাঠে থাকায় শরিকদের জন্য একেকটি দিন যেন মাসের সমান। উনারা শরিকদের কিছুটা বেকার, আধাবেকার অবস্থায় রেখে দিয়েছেন। এতে করে শুধু শরিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা নয়; পরোক্ষভাবে বিএনপিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আমরাও আলোচনা চাই। বিএনপি কথা বলতে চাইলে নিশ্চয় আমরা কথা বলব। উনাদের বসার জন্য তাগাদা দেওয়া হয়েছে, নানা কারণে উনারা সে সময় করতে পারেননি। বসাটা উনাদের অগ্রাধিকারের মধ্যে আছে, আপাতত এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’

নির্বাচন সামনে রেখে বৃহত্তর জোট গঠন প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরেও কয়েকটি ইসলামী দল এবং বাম ঘরানার দু-একটি দলকেও নির্বাচনী জোটে নিতে আগ্রহী তারা। তাই প্রয়োজন হলে, অর্থাৎ নতুন কোনো রাজনৈতিক দল কিংবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নির্বাচনী জোটে অন্তর্ভুক্ত হলে, ঘোষিত আসনগুলোর মধ্য থেকেও ছাড় দিতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যাপারে শুরুতে বিএনপির আগ্রহ ছিল। তাদের ব্যাপারে বিএনপি ইতিবাচকও ছিল। এর অংশ হিসেবে আসন বণ্টন বা আসন সমঝোতা নিয়ে দল দুটির মধ্যে কয়েকবার অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছে। তবে পরবর্তী সময়ে এনসিপির তরফ থেকে এ ব্যাপারে বিএনপিকে যেমন সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি, তেমনি বিএনপিও আর খুব একটা আগ্রহ দেখায়নি। সব মিলিয়ে এটা নিয়ে তেমন অগ্রগতি না থাকায় এবং তপশিল ঘোষণা কাছাকাছি চলে আসায় এনসিপির অনেক শীর্ষ নেতার আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিএনপি।

ঢাকা-৯, ১০ ও ১৮ থেকে এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে। এর মধ্যে ঢাকা-৯ থেকে নির্বাচন করার ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেখানে হাবিবুর রশিদ হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া আলোচিত ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবিকে প্রার্থী করেছে বিএনপি। যেখানে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা-১৮ আসনে এনসিপি থেকে ভোটের মাঠে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনে এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী করেছে বিএনপি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।