থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) জানা যাবে কার মাথায় উঠছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। প্রতিযোগীদের প্রতিদিনই অংশ নিতে হচ্ছে নানা সেশন ও পরীক্ষায়।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) ১২১টি দেশের প্রতিযোগীরা নিজেদের ন্যাশনাল কস্টিউম পরে হাঁটেন মঞ্চে। এরই মধ্যে মিথিলা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ন্যাশনাল কস্টিউম লুকের ছবি।
ন্যাশনাল কস্টিউম হিসেবে তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের ঐতিহ্যবাহী পোশাক—শাড়ি। আর দেশের ঐতিহ্য তুলে ধরতে তিনি পরেছেন সাদা জামদানি, যার মোটিফে রয়েছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।
ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, “মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—‘দ্য কুইন অব বেঙ্গল’।” এরপর তিনি ব্যাখ্যা করে বলেন, “মিস ইউনিভার্সের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।”

