etcnews
ঢাকাTuesday , 18 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি ৩২ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক্সকাভেটর, নিরাপত্তায় সেনা–পুলিশ–বিজিবি

etcnews
November 18, 2025 8:33 am
Link Copied!

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আনা এক্সকাভেটর বা খননযন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তবে বাড়িটির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন গতকাল সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন। তবে সেগুলোকে বাড়িটির কাছে নিতে দেওয়া হয়নি। সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা।

আজ সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। ব্যারিকেড সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, এক্সকাভেটর দুটি গত রাতে সরিয়ে নেওয়া হয়। বাড়ির নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।