আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, রোববার (৯ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ এবং বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইএমএফ প্রতিনিধিদল বিএনপির প্রস্তাবিত নীতি-অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

