etcnews
ঢাকাSaturday , 1 November 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বাসদের ২২ নেতাকর্মী আটক

etcnews
November 1, 2025 12:53 pm
Link Copied!

ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতিকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ বাসদের অফিস ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, পুলিশ জানতে পারে আটককৃতরা মিছিল দেওয়ার জন্য জড়ো হচ্ছিল। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। যাচাইবাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

বাসদ সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ বিভিন্ন দাবিতে আজ নগরের চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভুখা মিছিল’ কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার রাতে পুলিশ এ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। কিন্তু রাতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা সব শ্রমিককে বিষয়টি অবহিত করতে পারিনি। তাই আজ সকালে শহীদ মিনার এলাকায় কয়েকজন জড়ো হন।

তিনি আরও বলেন, কার্যালয়ে আমাদের নিয়মিত পাঠচক্র চলছিল। সেখানে আচমকা অভিযান চালিয়ে পুরো অফিস ঘেরাও করে ২২ নেতাকর্মীকে ধরে যায় পুলিশ।

এর আগে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে নগরীর আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে আটক করে পুলিশ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।