বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলার মুখপাত্র সদস্য রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা বিএনপি।
কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীর শতাধিক আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে যোগ দেন। জনসভার প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন থেকে দলটির মনোনায়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা যুবদলের আহ্বায়ক এইচএম ইদ্রীস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহারিয়ার আলম রনি, কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম মিঠু, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিনুর রহমান মতিনসহ অনেকে।

