etcnews
ঢাকাThursday , 25 September 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রী হিসেবে নতুন বলেই চেষ্টার কমতি রাখিনি: নিশাত

etcnews
September 25, 2025 9:52 am
Link Copied!

বড়পর্দায় অভিষেক হতে চলেছে তরুণ অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়ার। আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা।’ যাঁর নির্মাতা পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। কাহিনি ও সংলাপ রচয়িতা সুদীপ্ত সাঈদ খান। সিনেমায় নিশাত সালওয়ারের বিপরীতে দেখা যাবে অভিনেতা আদর আজাদকে। এ ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা যাবে আলীরাজ, মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিবসহ আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে। 

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তির মধ্য দিয়ে নিশাত সালওয়ার চলচ্চিত্র অভিষেকের খবরটি এভাবে বললে হয়তো সাদামাটা মনে হবে। কিন্তু যদি বলি, ‘অবশেষে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী নিশাত সালওয়ার’, তাহলে তা কিছুটা কৌতূহলের জন্ম দেবে, এটুকু অনুমান করাই যায়। কারণ, এই ‘অবশেষে’ শব্দের মধ্যে মিশে আছে, ঘটনাবহুল এক অধ্যায়। কী সেটি? এর উত্তর পেতে হলে ফিরে তাকাতে হবে ৭ বছর পেছনে।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। সে বছরই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ নির্বাচিত হয়েছিলেন নিশাত সালওয়া। সেই সুবাদে নজরে পড়েছিলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী কবরীর। এতেই যে ভাগ্যরেখা বদলে যাবে, তা হয়তো কল্পনাও করেননি নিশাত। কিন্তু বাস্তব তো নাটকের চেয়েও নাটকীয়। কারণ, সিনে দুনিয়ার ‘মিষ্টি মেয়ে’-খ্যাত সারাহ বেগম কবরী শুধু নন্দিত অভিনেত্রী নন, দক্ষ চলচ্চিত্র নির্মাতাও। যিনি নিশাতকে নিয়ে বড়পর্দায় নতুন এক গল্প তুলে ধরার পরিকল্পনা করেছিলন, যাঁর নাম ‘এই তুমি সেই তুমি’। এটি তরুণ এই অভিনেত্রীর জন্য অন্যরকম এক পাওয়া। নিশাত নিজেই সে অভিজ্ঞতা শেয়ার করেছিলেন সবার কাছে। বলেছিলেন, ‘কবরী ম্যামের মতো একজন শিল্পীর মুখোমুখি হতে হবে, এমনকি তাঁর ছবিতে অভিনয়ের সুযোগ পাব, তা ভাবিনি। কিন্তু তিনি আপন করে নিলেন। হাতে ধরে শিখিয়ে দিলেন অভিনয়, আশা জাগালেন অভিনয় জগতে প্রতিভা মেলে ধরার, এটি আমার জন্য অনেক বড় পাওয়া।’ কিন্তু এই আনন্দবার্তা দেওয়ার কিছু দিনের মাঝেই কালো মেঘে ঢেকে গিয়েছিল নিশাত সালওয়ার ভাগ্যাকাশ। ‘এই তুমি সেই তুমি’ সিনেমার নির্মাণ শেষ করার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো কবরীকে।

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা কবরীর চিরবিদায় নিশাত কষ্টের সাগরে ভাসিয়ে দিলেও সম্ভাবনার সব পথ রুদ্ধ হয়ে যায়নি। কারণ অভিনেত্রী হিসেবে পুনরায় পথচলার স্বপ্ন রচনায় পাশে এসে দাঁড়িয়েছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নিশাতকে নিয়ে নির্মাণ শুরু করেছিলেন ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ নামের নতুন সিনেমা। যেখানে এই অভিনেত্রীর বিপরীতে বেছে নেওয়া হয়েছিল রিয়েলিটি শো ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’-এর দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন আদর আজাদকে। নতুন গল্প, চরিত্র, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে মিলেমিশে শেষ করেছিলেন ‘স্বপ্ন দেখা রাজকন্যা’ সিনেমার কাজ। সবকিছুই ঠিক ছিল, কিন্তু এবার অজ্ঞাত এক কারণে মুক্তি আটকে যায় এই সিনেমার। দিন যায় মাস যায়, বছরও ফুরোয়, তবু আসে না সিনেমা মুক্তির ঘোষণা। এভাবেই কেটে গেল পাঁচ বছর। নিশাতও পাড়ি জমালেন ভিন দেশে। অবশেষে আচমকাই এলো সিনেমা মুক্তির ঘোষণা।

‘২৬ সেপ্টেবর ২০২৫ তারিখে দেশজুড়ে মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ছবি ‘‘স্বপ্নে দেখা রাজকন্যা’’ এই ঘোষণা শুরুতে নিশাত নিজেও বিশ্বাস করতে পারেননি। আসলেই কী মুক্তি পাচ্ছে সিনেমাটি? এই ছিল তাঁর প্রশ্ন। কিন্তু খোঁজখবর নিয়ে যখন জানলেন, খবরটি মিথ্যা নয়, তখন স্বস্তির এক নিঃশ্বাস বেরিয়ে এসেছে তাঁর বুক থেকে। যদিও এ নিয়ে অতিউচ্ছ্বাস প্রকাশ করেননি। 

হাসিমুখে বলেছেন, ‘আমার জীবনের প্রথম সিনেমা মুক্তির খবরটি অন্যরকম আনন্দের; যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ শুধু সিনেমা নয়, আমার জন্য এক পরীক্ষাও বলা যায়। অভিনেত্রী হিসেবে নতুন বলেই চেষ্টার কোনো কমতি রাখিনি। ফলাফলের অপেক্ষায় দীর্ঘ প্রহর গুনেছি, কিন্তু নিশ্চিত হতে পারিনি সিনেমাটি কবে দর্শক দেখার সুযোগ পাবেন। ২০২১ সালেই মুক্তির অনুমতি পেয়েছিল সিনেমাটি। কিন্তু নানা জটিলতায় মুক্তি পায়নি। অবশেষে সব বধা-বিপত্তি কাটিয়ে সিনেমা মুক্তি পাচ্ছে, এটাই বড় প্রাপ্তি।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।