ইনকিলাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, বিএনপি এবং দেশের মানুষের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ নির্যাতনের দিনগুলোতে ইনকিলাব বিএনপি ও জনগণের পাশে ছিল। গত ১৮ বছর দেশের সাধারণ মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর জুলুম নির্যাতন, হামলা-মামলা হয়েছে। এ সময় ইনকিলাব ছিল আপসহীন। ইনকিলাব হয়ে উঠেছে দেশের মা, মাটি ও মানুষের হৃদয়ের কণ্ঠস্বর। প্রগতিশীলতার নামে বাংলাদেশকে বিজাতীয় সংস্কৃতির চারণভূমি বানানোর অপচেষ্টার বিপক্ষে দেশজ সংস্কৃতি চর্চায় ভ্যানগার্ড হিসেবে গণমাধ্যম জগতে আবির্ভাব ঘটে ইনকিলাবের। আমার বলতে দ্বিধা নেই ইনকিলাব যে, আদর্শ ও উদ্দেশ্যে নিয়ে প্রতিষ্ঠা করা হয় তা এখনো অটুট আছে। বিশেষ করে দেশের আলেম সমাজ এবং বিএনপিসহ জাতীয়তাবাদী চিন্তা-চেনতার মানুষ যখন বিপদে পড়েছেন ইনকিলাব তাদের পাশে দাঁড়িয়েছে। ওয়ান-ইলেভেনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইনকিলাব স্বৈরশাসকের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ভূমিকা রেখেছে।
খালেদা জিয়া বাণীতে আরো বলেন, ইনকিলাব সব সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে এবং জুলুমের বিরুদ্ধে। ওয়ান-ইলেভেনের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতন-হামলা-মামলার শিকার হয়েছে; তাদের পক্ষে অবস্থান নেয়ায় ইনকিলাবকেও জুলুমের শিকার হয়ে হয়েছে। ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

