etcnews
ঢাকাThursday , 29 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের পোস্ট দ্রুত পেতে ব্লুমবার্গসহ তিন প্রতিষ্ঠানের চুক্তি

etcnews
October 29, 2026 1:14 pm
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত পোস্ট অন্যদের চেয়ে দ্রুত পাওয়ার জন্য ব্লুমবার্গসহ তিনটি প্রতিষ্ঠান অর্থ দিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ট্রাম্পের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমটির এই সেবা নিতে ব্লুমবার্গের পাশাপাশি চুক্তি করেছে ওয়াল স্ট্রিটের দুই প্রতিষ্ঠান—সাসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপ ও জাম্প ট্রেডিং। প্রতিষ্ঠান দুটি স্বয়ংক্রিয় ও অ্যালগরিদমনির্ভর পদ্ধতিতে দ্রুত শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদ কেনাবেচা করে।ট্রুথ এপিআই’ নামের এই সেবার মাধ্যমে গ্রাহকেরা ট্রাম্পের পোস্ট সাধারণ ব্যবহারকারীদের তুলনায় প্রায় ৫০ মিলিসেকেন্ড আগে পেতে পারেন। ট্রাম্পের কোনো পোস্টে শেয়ারবাজার, তেলসহ বিভিন্ন সম্পদের দামে দ্রুত পরিবর্তন আসতে পারে। তাই এই সামান্য সময়ের সুবিধাও বড় বিনিয়োগকারী ও দ্রুত লেনদেনকারী প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ গত জুলাইয়ে দ্রুত তথ্য পাওয়ার এই সেবা চালুর ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ট্রেডিং কোম্পানির কাছে এটি বিক্রির প্রস্তাব দেয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাসে সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত দিয়ে এ সেবা নেওয়া যায়। তবে চুক্তিগুলোর আর্থিক শর্ত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।ব্লুমবার্গ, জাম্প ট্রেডিং ও সাসকেহানা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প মিডিয়া বলেছে, বিভিন্ন খাতে তাদের এপিআই সেবার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। তবে প্রতিবেদনটি বেনামি সূত্রের দেওয়া বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে তৈরি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ট্রাম্পের পারিবারিক ট্রাস্টের হাতে ট্রাম্প মিডিয়ার ৪১ শতাংশ মালিকানা রয়েছে। ট্রাম্প ওই ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গেল বলেছেন, ট্রাম্প বা তার পরিবারের সদস্যরা সরাসরি তাদের বিনিয়োগের সিদ্ধান্ত নেন না। এ সেবা থেকে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।

ট্রাম্পের পোস্টের দ্রুততম সংস্করণ বিক্রির উদ্যোগ নিয়ে নৈতিকতা ও আইনি প্রশ্ন উঠেছে। গত আগস্টে ইন্টারসেপ্ট মিডিয়া ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন ট্রাম্পের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, সরকারি ঘোষণা কেবল ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হলে এবং একই তথ্যের দ্রুত সংস্করণ অর্থের বিনিময়ে বিক্রি করা হলে সাধারণ মানুষ সরকারি তথ্য পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে পারে। মামলাটি চলমান।

এদিকে, ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও অ্যাডাম শিফ গত জুলাইয়ে এ সেবা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কি না, তা তদন্ত করতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রতি আহ্বান জানিয়েছিলেন। এসইসি এ বিষয়ে মন্তব্য করেনি।

ট্রাম্প মিডিয়া জানিয়েছে, গত আগস্টে তাদের বিনিয়োগকারীদের বলা হয়েছিল, ১০টির বেশি গ্রাহকের সঙ্গে চুক্তি হয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে তা যাচাই করতে পারেনি। প্রতিষ্ঠানটির দাবি, এসব গ্রাহকের অধিকাংশই ওয়াল স্ট্রিটের ট্রেডিং প্রতিষ্ঠান, যারা মাসে ৬০ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত দিচ্ছে।

সূত্র: রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।