ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, প্রতি বছর আমরা ২৫০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি। আমাদের লক্ষ্য ইনশাল্লাহ আগামী পাঁচ বছর পরে যেন আমরা এটি বলতে পারি আমরা ২৫০০ শিক্ষার্থীকেই জব মার্কেটে প্রবেশ করাতে পেরেছি।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশান প্রোগ্রামে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, বর্তমান প্রযুক্তির যুগে চিন্তা – চেতনা, ধ্যান-ধারণার মধ্যে মৌলিক পরিবর্তন এসেছে। পরিবর্তনের সাথে পাঠ্যক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত না করলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রত্যাশিত স্থান করতে সক্ষম হবে না। প্রোগ্রামের উপস্থিত শিল্প মালিকদের সাথে রিসার্চ, অ্যাকাডেমিক এনগেজমেন্টে এমওইউ করার ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় সদাপ্রস্তুত। আপনাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বার সর্বদা উন্মুক্ত।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলে প্রত্যেকটি ডিসিপ্লিনে ৩ ক্রেডিট ১০০ নম্বরের জন্য ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের বাহিরে বিশ্ববিদ্যালয় – ইন্ডাস্ট্রির মেলবন্ধন এবং এনগেজমেন্টের মাধ্যমে উইন-উইন সিচুয়েশন তৈরি হয়। একটি হচ্ছে ক্যাম্পাস টু ক্যারিয়ার, ক্যারিয়ার টু ক্যাম্পাস। আমরা সেই প্রতিপাদ্য বিষয়টাকে সামনে রেখেই কর্মপন্থা নির্ধারণ করেছি।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ ড. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার ড. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ডিবিসি নিউজ, গোল্ডেন জুট এবং ব্র্যাক বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/কানিজ/সৈকত

