etcnews
ঢাকাSaturday , 26 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের দলের কর্মসূচি ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা

etcnews
September 26, 2026 1:45 pm
Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মসূচি ঘিরে রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববারের (২৭ সেপ্টেম্বর) কর্মসূচিতে ইমরান খানের মুক্তির দাবিতে পার্লামেন্টের দিকে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির।নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কে প্রায় ১ হাজার মালবাহী কনটেইনার বসিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। রোববারের কর্মসূচিকে কেন্দ্র করে ২২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।সরকার এরই মধ্যে রাজধানীর প্রবেশপথের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়ক বন্ধ করে দিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সঙ্গে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ যোগাযোগপথও বন্ধ করা হয়েছে।

ইসলামাবাদে দুই মাসের জন্য জরুরি বিধিনিষেধও জারি করা হয়েছে। এর আওতায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, সমাবেশ ও জনসমক্ষে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।পাঞ্জাব সরকার রাওয়ালপিন্ডিসহ চারটি জেলায় অতিরিক্ত নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েনের অনুরোধ জানিয়েছে। কর্মসূচির আগে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধেরও অনুরোধ করা হয়েছে।ইমরান খানের দল অবশ্য সরকারের এসব পদক্ষেপের সমালোচনা করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান বলেছেন, এসব ক্ষমতা ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার সীমিত করা হচ্ছে। তিনি দাবি করেন, ইসলামাবাদে প্রবেশের পর তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

ইমরান খান বর্তমানে দুর্নীতির একটি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন, কারাগারে তাকে অমানবিক পরিবেশে রাখা হয়েছে।

তাদের দাবি, দিনের প্রায় ২৩ ঘণ্টা তাকে প্রাকৃতিক আলোবিহীন ছোট একটি কক্ষে থাকতে হয় এবং অন্য বন্দীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

ইমরান খানের রাজনৈতিক কর্মসূচিতে কনটেইনার ব্যবহারের ইতিহাসও রয়েছে। ২০২২ সালের একটি বিক্ষোভ মিছিলে তিনি এমন একটি কনটেইনারের ওপর দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর হামলায় আহত হয়েছিলেন।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনার জন্য করাচিতে রয়েছে। রোববারের কর্মসূচির পর সোমবার তাদের ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে। তবে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এই সফর হতে পারে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের দ্য নিউজ জানিয়েছে।

তথ্যসূত্র: ব্লুমবার্গ/এনডিটিভি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।