চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: চরফ্যাশন বাজারের মুদি ব্যবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সুমন লিখিত বক্তব্যে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকে প্রচারিত তথ্যকে অপপ্রচার ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে মো. সুমন বলেন, তিনি দীর্ঘদিন ধরে চরফ্যাশন বাজারের কাপুড়িয়া পট্টিতে মুদি ব্যবসা করে আসছেন। গত ২১ সেপ্টেম্বর একটি ফেসবুক আইডি থেকে তার প্রতিষ্ঠানকে নিয়ে অপপ্রচার চালানো হয়। এতে তার ব্যবসায়িক সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গত ২০ সেপ্টেম্বর রাজবাড়ী থেকে তিনি ১০৩ বস্তা পেঁয়াজ এবং পাশের ব্যবসায়ী মেসার্স ইব্রাহীম স্টোর ১৫০ বস্তা পেঁয়াজ একই ট্রাকে আনেন। পেঁয়াজের চালান হাতে পাওয়ার আগে তার নিয়মিত পাইকার মাহী স্টোরের মো. মনির বস্তাপ্রতি পেঁয়াজের ওজন জানতে চাইলে তিনি চালান দেখে ৪৫ কেজি করে বলে জানান।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা সুমন ট্রেডার্সসহ স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাছেদ আজাদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম টিপু, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী রুহুল আমিন,মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সাত্তার মিঠু, সাধারন সম্পাদক ইয়াছিন আসলামী।
/কানিজ/ফাহিম

