চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন বজ্র গোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকা-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, আলমগীর হোসেন মালতিয়া, কয়ছর আহমেদ কমল, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬৩ জন শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, কলম ও একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
/কানিজ/ফাহিম

