পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আসন্ন সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের র্যাংকিংয়ে নিয়ে যেতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন ক্লাব পরিচালনার পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আসন্ন ( জিএসটি) গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
/কানিজ/মুসতাক

