ইবি প্রতিনিধি :
শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব, ক্যারিয়ার সচেতনতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিকে উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী জ্ঞানভিত্তিক কর্মশালা ‘ক্যারিয়ার নেক্সাস ২০২৬’ আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের গগণ হরকরা সেমিনার রুমে কর্মশালা আয়োজিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান, ক্যারিয়ার ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা ও সাধারণ সম্পাদক তুসার মালাকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ৫টি বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মজীবন এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং সেশন আয়োজিত হয়। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেওয়া হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ক্যারিয়ার ক্লাব এর সাধারণ সম্পাদক বলেন,“ক্যারিয়ার নেক্সাস ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কুইজ প্রতিযোগিতা থেকে শুরু করে ক্যারিয়ার কাউন্সেলিং, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিটি পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে। এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট শিক্ষক, অতিথি, অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও ক্লাবএর সকল সদস্যের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
ক্লাবের সভাপতি বলেন,“ক্যারিয়ার নেক্সাস ২০২৬ এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করা এবং নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে আরও ভালোভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করা। আমরা বিশ্বাস করি, এমন আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মানসিকতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ক্যারিয়ার শিক্ষার্থীদের জন্য এ ধরনের আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে।”
/কানিজ/সৈকত

