etcnews
ঢাকাWednesday , 9 September 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পবিপ্রবিতে ফিন্যান্স ক্লাবের যাত্রা এবং ওরিয়েন্টেশন

etcnews
September 9, 2026 7:33 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফিন্যান্স ক্লাব। গত ৬ সেপ্টেম্বর, রবিবার, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিন্যান্স ক্লাবের শুভ উদ্বোধন ও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার ও পবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ও ফিন্যান্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে নবীন শিক্ষার্থীদের ফুলের স্টিক ও উপহারসামগ্রী দিয়ে স্বাগত জানান অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ফিন্যান্স ক্লাবের প্রতিষ্ঠাকালীন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নূর নবী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ মুহসিন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহিমা চৌধুরী ও সুদীপ্ত মজুমদার।

অনুষ্ঠানে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নূর নবী, হাছান উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম। বক্তারা ফিন্যান্স ক্লাবের উদ্দেশ্য, কার্যক্রম এবং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নে ক্লাবটির সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সবশেষে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ফিন্যান্স ক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং প্রতিষ্ঠাকালীন কমিটির ঘোষণা দেন।

উদ্বোধনের পর কেক কাটার আয়োজন করা হয়। পরে ফিন্যান্স ক্লাবের পক্ষ থেকে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দকে উপহার হিসেবে লাকি ব্যাম্বুর ইনডোর প্ল্যান্ট প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অতিথিদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

পবিপ্রবিতে ফিন্যান্স ক্লাবের এই যাত্রা শিক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে জ্ঞানচর্চা, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বগুণ বিকাশ এবং ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।