পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ফিতা কেটে ও কেক কাটার মধ্য দিয়ে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. তৈকির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “সিএসই ক্লাবের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই চমৎকার আইটি কার্নিভালের আয়োজন করা হয়েছে। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত প্রযুক্তির হাত ধরে পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তি এখন আর ভবিষ্যতের বিষয় নয়; বরং এগুলো আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে এবং দেশকে নেতৃত্ব দিতে হলে নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী হতে হবে। আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ নয়; বরং তারা নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করছে। আজকের এই কার্নিভাল শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের একটি অনন্য প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন,” পবিপ্রবি সবসময়ই শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, গবেষণা ও উদ্ভাবনের উপযোগী পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শুধু চাকরির পেছনে ছুটবে না; বরং নিজেরাই একেকজন উদ্যোক্তা হয়ে উঠবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।”
পরে প্রধান অতিথি আইটি কার্নিভালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
/কানিজ/মুশতাক

