জুলাই সনদ বাস্তবায়ন না করায় বগুড়ায় জামায়াত সমর্থিত সাত আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।পদত্যাগকারী আইন কর্মকর্তারা সবাই জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল-এর সদস্য। ২০২৪ সালের গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বগুড়া জজ কোর্টে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।তারা হলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত গভর্নমেন্ট প্লীডার (অতিরিক্ত জিপি) এমদাদুল ইসলাম এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ ও আতাউর রহমান সবুজ।
শাফিকুর রহমান শাফি বলেন, জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। একইভাবে বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আমি উদ্বিগ্ন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচারপতি নিয়োগে সরকার ও সরকারি দলের প্রভাব জুলাই পূর্ব অবস্থায় ফিরে যাওয়ায় বিচার বিভাগের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে।তিনি আরও বলেন, এ সকল ঘটনা সাংবিধানিক শাসনব্যবস্থা, আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে, আমার বিবেকের তাড়নায় আমি এ পদে থেকে আমার দায়িত্ব পালন করতে পারছি না বিধায় পদত্যাগ করলাম।বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সোমবার দুপুরে সাত আইন কর্মকর্তা তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিধি অনুসারে তা ঢাকায় পাঠানো হবে।

