জাবি প্রতিনিধি :
যুব সমাজকে উদ্বুদ্ধকরণ, পরিবেশ সংরক্ষণ এবং বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টাইগার রান ২০২৬’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বন বিভাগ, ইয়ুথ ভলান্টিয়ার অ্যালায়েন্স (YVA), প্রত্যাশী (PROTTYASHI) এবং আইইউসিএন (IUCN)-এর যৌথ উদ্যোগে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘প্রত্যাশী’-র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল আহসান।
আয়োজক সংগঠন ইয়ুথ ভলান্টিয়ার অ্যালায়েন্সের সংগঠক ও কো-অর্ডিনেটর মো. সজিব জানান, “আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে সাতটার দিকে মাননীয় প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হবেন। ইভেন্ট সফলভাবে সম্পন্ন করতে আমাদের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। শিক্ষার্থীদের বিপুল ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে তরুণ সমাজকে একতাবদ্ধ করতে বড় ভূমিকা রাখবে।”
বাঘ সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অসংখ্য তরুণ ও ক্রীড়াপ্রেমী অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

