বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়।রোববার (২১ জুন) বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন- দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান মি. ওলে লুন্দিন।
সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, আলোচিত অর্ডিন্যান্সগুলোর সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা হয়। একইসাথে প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান এবং বাংলাদেশে সুইডেনের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প নিয়ে দুপক্ষ পরস্পরের সাথে মতবিনিময় করেন।সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

