etcnews
ঢাকাThursday , 18 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

etcnews
June 18, 2026 5:46 pm
Link Copied!

হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।বৃহস্পতিবার (১৮ জুন) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি ঢাকায় তার অস্থায়ী আবাসে প্রত্যাবর্তন করেন। অসুস্থতার খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিক।জানা যায়, গত সোমবার হঠাৎ বুকে ব্যথা এবং অচেতন হয়ে পড়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় চিকিৎসা শেষে তিনি বর্তমানে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।
বাসায় ফেরার পর এক বার্তায় মুশফিকুল ফজল আনসারী তার চিকিৎসার সময়ে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী স্বয়ং তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই আন্তরিকতা ও সহমর্মিতা তার পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।তিনি প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সম্মানিত সেনাবাহিনী প্রধানসহ অন্য বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদককে তাদের আন্তরিক সহযোগিতা ও সৌজন্যের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে, দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, উচ্চমানের পেশাদারিত্ব ও মানবিক আচরণের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

সিএমএইচে অবস্থানকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র চিকিৎসক, কর্মকর্তা এবং সৈনিকরা তার প্রতি যে ভালোবাসা, আন্তরিকতা ও সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য সবার প্রতি তিনি আবেগাপ্লুত কৃতজ্ঞতা জানান।

একইসঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত তার সব আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। শারীরিক অবস্থা আরেকটু স্ট্যাবল বা স্থিতিশীল হলেই ইনশাআল্লাহ ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা করব।

উল্লেখ্য, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তিনি তার অফিসিয়াল পেজের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগের এই মাধ্যমটি বেছে নিয়েছেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।