বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর এমন সমস্যা দেখা দেয়। তবে প্রায় ৪০ মিনিট পর থেকে পরিসেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি এরর (error) মেসেজ দেখা যায়। যেখানে লেখা দেখায়, ‘Sorry, something went wrong’। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যবহারকারীরা।
এ বিষয়ে মেটা থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিয়েল-টাইম আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ১২ জুন সন্ধ্যার ৭টা ৩০ থেকে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্ট করতে শুরু করেন ব্যবহারকারীরা।
আনাস নামের এক গ্রাহক বলেন, ‘হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভয় পেয়ে যাই। ভেবেছিলাম আমার অ্যাকাউন্টেই সমস্যা। পরে দেখি অন্যরাও একই সমস্যায় পড়েছেন।’
কাইয়ুম নামের আরেক গ্রাহক বলেন, ‘আমি ফেসবুকে পোস্ট করতে গিয়ে দেখি, পোস্ট হচ্ছে না। এরপর মেসেঞ্জারে ঢুকতে গেলে সেটি লগ-আউট হয়ে যায়। হোয়াটসঅ্যাপেও দেখি একই ধরনের সমস্যা। প্রায় ৪০ মিনিট পর এগুলো স্বাভাবিক হয়।’
মেহেদী নামের আরেকজন বলেন, ফেসবুক ফিরেছে, তবে গতি একটু ধীর। পেজ লোডিং হতে সময় নিচ্ছে।

