রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে দাদির হাত ধরে বিস্কুট কিনতে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় সাড়ে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রুহান মৃধা। সে একই এলাকার ছাত্তার মৃধা ছেলে।রুহানের চাচা শাকিল মৃধা বলেন, গতকাল বিকেলে বিস্কুট খাওয়ার বায়না ধরে রুহান। পরে সন্ধ্যার দিকে তাকে নিয়ে গ্রামের একটি মুদিদোকানে যাচ্ছিলেন দাদি আনোয়ারা বেগম। বাড়ির অদূরে স্থানীয় তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে দাদির হাত ছেড়ে দেয় রুহান। একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় গোয়ালন্দ বাজার থেকে আতর আলী চেয়ারম্যানের বাজারগামী দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে রুহানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় শিশুটি।দুর্ঘটনার পর ইজিবাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। পরে স্থানীয় লোকজন রুহানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম আজ বুধবার সকালে জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

