পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তৃণমূল কংগ্রেস (টিএমসি)-এর ভেতরে সম্ভাব্য ভাঙন ও দলবদল নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। দিল্লিতে তৃণমূলের একাধিক সাংসদের বৈঠক এবং সেখানে ঘাটালের সাংসদ ও অভিনেতা দেবের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা।
সূত্রের দাবি, সোমবার (৮ জুন) নয়াদিল্লির ৯ নম্বর মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূল কংগ্রেসের প্রায় ১৪ জন সাংসদ বৈঠকে অংশ নেন। ওই বৈঠককে কেন্দ্র করে কারা উপস্থিত ছিলেন এবং কী আলোচনা হয়েছে—তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা।
নাটকীয় এই ভোল পাল্টানো নেতাদের বৈঠকে ব্লু শার্ট ও জিন্স প্যান্ট পরে হাজির হয়েছিলেন দেব। বসেছিলেন এক কোনায়। নিজেকে এমনভাবে আড়ালে রেখেছিলেন ছবি যাতে না দেখা যায়। বৈঠকের একটি ছবি ভাইরাল হলেও দেবকে সেখানে দেখা যায়নি। তবে জানা গেছে, বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছতেই সবাই উঠে দাঁড়ান। আর মুখ্যমন্ত্রী সস্নেহে গালও টিপে দেন দেবের।
বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, বৈঠকে দেবের উপস্থিতি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা দাবি ও অনুমান। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
সূত্র আরও জানায়, বৈঠকের সময় সাংসদরা একত্রিত হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করতে পারেন। তবে তৃণমূল কংগ্রেস বা সংশ্লিষ্ট সাংসদদের পক্ষ থেকে দলত্যাগ বা নতুন কোনো রাজনৈতিক ব্লক গঠনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে দেবকে কেন্দ্র করে বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়ালেও তার ঘনিষ্ঠ সূত্র বা দলীয় কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি। ফলে বিষয়টি এখনো পুরোপুরি গুঞ্জন ও রাজনৈতিক ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
সব মিলিয়ে দিল্লির এই বৈঠককে কেন্দ্র করে তৃণমূলের ভেতরে বাস্তব কোনো ভাঙন নাকি এটি কেবলই রাজনৈতিক কৌশল ও জল্পনার অংশ— তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

