দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশটির ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপবিষয়কমন্ত্রী হান সিওং-সুককে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন। রোববার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।রোববার (০৭ জুন) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পার্লামেন্টের অনুমোদন পেলে হান সিওং-সুক দক্ষিণ কোরিয়ার গত ২০ বছরের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন।হান সিওং-সুক এর আগে দক্ষিণ কোরিয়ার শীর্ষ ইন্টারনেট প্রতিষ্ঠান নেভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের রূপান্তর কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
কাং হুন-সিক বলেন, ‘সেমিকন্ডাক্টর শিল্পের প্রসার এবং রপ্তানি বৃদ্ধির ফলে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, হান তা এমন অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে রূপ দিতে সক্ষম হবেন, যার সুফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে।’
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টশাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পদটি মূলত আনুষ্ঠানিক ও প্রশাসনিক দায়িত্বকেন্দ্রিক। তবে সরকারের নীতি বাস্তবায়ন ও প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ে এ পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

