বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে পরে সরে দাঁড়ানো চিত্রনায়ক বাপ্পারাজের জায়গায় এবার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তার সঙ্গে নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। বিষয়টি দুজনেই নিশ্চিত করেছেন।
আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত এই নির্বাচন। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্যানেল ও প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে।
এর আগে শিল্পী সমিতির বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আরমান। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তবে এবারই প্রথম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে আরমান বলেন, সিনিয়র ও জুনিয়র শিল্পীদের উৎসাহ ও অনুপ্রেরণাতেই তিনি সভাপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অতীতের মতো এবারও শিল্পীদের সমর্থন ও আস্থা পাবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
এর আগে বাপ্পারাজ সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং রুমানা ইসলাম মুক্তিকে সঙ্গে নিয়ে একটি প্যানেল গঠনের কথাও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এদিকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। আর আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ছটকু আহমেদকে।

