etcnews
ঢাকাWednesday , 3 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কোথাও করতালি কোথাও হতাশা

etcnews
June 3, 2026 4:18 pm
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। যদিও দশটি সিনেমা মুক্তির তালিকায় থাকলেও ঈদের আগ মুহূর্তে দুটি পিছিয়ে যায়। এগুলো হলো ‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। মুক্তির পর থেকে সিনেমাগুলো নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ প্রশংসায় ভাসালেও, প্রশ্ন তুলছেন অনেকেই। সব মিলিয়ে ঈদের এ উৎসবে সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া এবার বেশ মিশ্র। শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি ছিল আলোচনার কেন্দ্রে। তবে এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে অনেকেই প্রশংসা করছেন। তবে সমালোচনার হাত থেকে একেবারে রেহাই পায়নি রকস্টার। অনেকেই এর গল্প নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। চিত্রনাট্য ও গল্পে অসামঞ্জস্যতা রয়েছে বলে দাবি করছেন অনেকে। এদিকে এটিকে মিউজিক্যাল ফিল্ম বলা হলেও, সিনেমাটির কোনো গানই খুব একটা সাড়া ফেলতে পারেনি দর্শকের মনে। প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে অনেক দর্শককেই হতাশা প্রকাশ করতেও দেখা গেছে। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর , সুনিধি নায়েকসহ অনেকে। মুক্তির পর থেকে দর্শক প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহে নির্মাতা আজমান রুশো ও নায়িকাদের দেখা গেলেও, শাকিব খান বরাবরের মতোই ছিলেন দূরে।সাত বছর বিরতি পেরিয়ে এবার মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির সিনেমা ‘মালিক’। অ্যাকশন ঘরানার এ সিনেমাটিও আলোচনায় রয়েছে। তবে সমালোচনাও হচ্ছে। সব মিলিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে সিনেমাটি নিয়ে। অনেকেই বলছেন অ্যাকশনে বেশি মনোযোগ দিতে গিয়ে নির্মাতা গল্পের ভারসাম্য ধরে রাখতে পারেননি নির্মাতা সাইফ চন্দন। ঈদের দিন থেকেই সিনেমাটির প্রচারে হলে হলে ঘুরতে দেখা গেছে সিনেমার শিল্পী ও নির্মাতাকে। সব মিলিয়ে এ সিনেমাটিও আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে এখন পর্যন্ত বেশ মাঠ গরম রেখেছে।হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার মুক্তি দিয়েছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’। সিনেমাটি নিয়ে মুক্তির আগে থেকে বেশ আলোচনা ছিল। শিল্পীদের অভিনয়ের পাশাপাশি সিনেমার ভিজ্যুয়াল দারুণ প্রশংসিত হচ্ছে। তবে সিনেমার গল্প সাধারণ অনেক দর্শকের বোধগম্য হচ্ছে না, কেউ কেউ বলছেন পুরো সিনেমা তাদের মাথার ওপর দিয়ে গেছে। অনেকেই গল্প বুঝতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত এ সিনেমাটি শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে একই ধরনের মন্তব্য পাওয়া গেছে ঈদের আরেক সিনেমা ‘বনলতা সেন’ নিয়েও। এটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া এ সিনেমাটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জীবনানন্দ দাশের জীবন, তার সাহিত্যকর্ম ও ব্যক্তিগত টানাপোড়েনের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন করেছেন খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডল প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়া এবার মুক্তি দিয়েছে ‘মাসুদ রানা’ সিনেমা। কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। পরিচালনা করেছেন সৈকত নাসির। এটি নিয়ে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শোনা যাচ্ছে। গল্পের অসামঞ্জস্যতা যেমন রয়েছে, তেমনি দুর্বল এআইয়ের ব্যবহার নিয়েও কটাক্ষ করছেন দর্শক। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে রয়েছেন পূজা চেরি। ঈদের দিন থেকেই প্রযোজক, নির্মাতা ও নায়ককে প্রেক্ষাগৃহে ঘুরতে দেখা গেলেও, এখন পর্যন্ত দেখা মেলেনি পূজার।এ ছাড়া ঈদে মুক্তি পাওয়া শবনম বুবলী ও আদর আজাদ জুটির ‘পিনিক’ সিনেমাটির অবস্থা নাজেহাল। আগে কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যাওয়া এ সিনেমা এবার মুক্তি পেলেও প্রচারে দেখা মেলেনি প্রধান শিল্পীদের। নির্মাতা ও প্রযোজকদের দেখা গেলেও আদর-বুবলীর অনুপস্থিতি সিনেমাটিকে পেছনে ঠেলে দিয়েছে বলেও অনেকে মনে করছেন। শুধু সিনেপ্লেক্সে মুক্তি এ সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে প্রযোজক আশরাফ কিটু দাবি করেন, প্রচারে অংশ না নেওয়া সিনেমার সঙ্গে একধরনের প্রতারণা। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল।

অন্যদিকে ঈদের আরও দুই সিনেমা ‘তছনছ’ ও ‘অফিসার’ নিয়ে লেখার মতো কিছু নেই। দুটি সিনেমাই ঈদের মতো উৎসবে নাম লিখিয়েছে শুধুই বাড়তি প্রচারের সুবিধা নেওয়ার জন্য। অনেকেই এই দুই সিনেমাকে ‘অখাদ্য’ বলেও দাবি করছেন। হতাশার পাশাপাশি হল ফেরত দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই আবার সিনেমা দেখে বের হয়েই টাকা নষ্ট হওয়ার পাশাপাশি সময় নষ্ট হয়েছেন বলেও জানান। এক কথায়, দর্শক বেশ অসন্তুষ্ট হয়েছেন সিনেমা দুটি নিয়ে। দুই সিনেমাই নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। প্রচারে নায়কদের দেখা গেলেও, দেখা মেলেনি দুই সিনেমার নায়িকার! জানা গেছে, অফিসার সিনেমার নায়িকা মাহিয়া মাহি দেশের বাইরে রয়েছেন। অন্যদিকে তছনছ সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি দেশে থাকলেও, তিনি কোনো ধরনের প্রচারে অংশ নেননি। এটি নিয়ে সিনেমার প্রযোজক ও নায়ক মুন্না খান অভিযোগ করতেও দেখা গেছে। তিনি জানান, এ বিষয়ে নায়িকা ববির বিরুদ্ধে তিনি চলচ্চিত্র সংগঠনগুলোয় অভিযোগ করবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।