দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী প্রকাশ করেছেন নতুন গান ‘নোয়াখাইল্লা মাইয়া’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ ও পারফরম্যান্সে যুক্ত হয়েছেন র্যাপার ব্ল্যাক জ্যাং। প্রকাশের পর থেকেই গানটি ইউটিউবে দর্শকদের নজর কাড়ছে।
২৫ মে সন্ধ্যায় ইউটিউবে মুক্তি পাওয়া গানটি প্রকাশ করেছে ‘Oyshee Express’। আঞ্চলিক আবহ, আধুনিক মিউজিক বিট ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
‘নোয়াখাইল্লা মাইয়া’ গানের কথা লিখেছেন ঐশী ও ব্ল্যাক জ্যাং। গানটির কম্পোজিশন করেছেন ঐশী নিজেই। সংগীতায়োজনে ছিলেন বিট বাবা এবং মিক্স-মাস্টার করেছেন শচী শামস।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর। ভিডিওতে নাচের কোরিওগ্রাফি করেছেন মোফাসসাল আলিফ। সহকারী কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রিয়াজ খান ও ফাহিম মন্ডল। ভিডিওতে ঐশীর সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন সাইমা হাসেবা অপূর্ব, তানভেশ তুষি খান, আরিশা সিদ্দিকা ও সোনিয়া সোনি।
ভিডিওর ভিজ্যুয়াল ও সেট ডিজাইনের কাজ করেছে স্টুডিও ওয়াল্লি। এছাড়া মেকআপে ছিলেন জুয়েল হাওলাদার এবং লাইটিংয়ে লিমন।
প্রকাশের পর থেকেই গানটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। অনেকেই মন্তব্য করছেন, আঞ্চলিক ভাষার ব্যবহার ও আধুনিক সংগীতের মিশেলে গানটি ভিন্ন এক স্বাদ এনে দিয়েছে। বিশেষ করে ঐশী ও ব্ল্যাক জ্যাংয়ের পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ছে।
গানটি ইউটিউবে প্রকাশের পর ধীরে ধীরে ভিউ ও প্রতিক্রিয়া বাড়ছে। সংগীতপ্রেমীদের ধারণা, ‘নোয়াখাইল্লা মাইয়া’ চলতি সময়ের আলোচিত গানগুলোর অন্যতম হয়ে উঠতে পারে।

