etcnews
ঢাকাSaturday , 23 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

কে জিতবেন স্বর্ণপাম?

etcnews
May 23, 2026 5:05 pm
Link Copied!

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান স্বর্ণপাম জিতবেন কে? বিশ্বজুড়ে উৎসবপ্রেমী ও দর্শকেরা এই উত্তর জানতে মুখিয়ে আছে। এবারের আসরে স্বর্ণপামের দৌড়ে আছে ২২টি চলচ্চিত্র। এর মধ্য থেকে একটি সিনেমাকে স্বর্ণপামের জন্য বেছে নেবে দক্ষিণ কোরিয়ার পরিচালক পার্ক চ্যান-উকের নেতৃত্বাধীন নয় সদস্যের জুরি বোর্ড।হলিউডের হেভিওয়েট স্টুডিওগুলোর উপস্থিতি তুলনামূলক কম থাকায় উৎসব আয়োজকরা এবার স্বাধীনচেতা (ইন্ডি) শিকড়ের দিকেই বেশি ঝুঁকেছেন। ফলে আর্টহাউস নির্মাতাদের অংশগ্রহণে প্রতিযোগিতায় স্বর্ণপামের জন্য নিরঙ্কুশ ফেভারিট বলা যাচ্ছে না কোনো চলচ্চিত্রকে। তাদের মধ্যে আছেন অভিজ্ঞ নির্মাতা স্পেনের পেদ্রো আলমোদোভার, ইরানের আসগর ফারহাদি এবং রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ। যদিও তাদের টেক্কা দিয়ে শেষ হাসি হাসতে পারেন নবীন কেউ।কানে পুরস্কার জিতলে সাধারণত যেকোনো নির্মাতার ক্যারিয়ার পৌঁছে যায় নতুন উচ্চতায়। উৎসবটির স্বীকৃতি ক্যারিয়ার বদলে দিতে পারে যে কারও ক্যারিয়ার। এসব অর্জন বড়সড় প্রভাব ফেলে হলিউডের পুরস্কার মৌসুমে। সেই সঙ্গে নির্মাতাদের অবস্থান সুদৃঢ় হয়। এর সাম্প্রতিক উদাহরণ কানের গত আসরে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জয়ী ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। এটি অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। একইভাবে ২০২৪ সালের স্বর্ণপাম জয়ী ‘আনোরা’ অস্কারে পাঁচটি পুরস্কার জিতে বাজিমাত করে।

স্বর্ণপাম এবার কে জিতবেন, সেই জল্পনা চলছে। সমালোচক ও দর্শকদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। যদিও লড়াই হবে জমজমাট। কারও মতে, রাশিয়ার আন্দ্রে জিয়াজিন্তসেভ পরিচালিত ‘মিনোটর’ (পরকীয়া ও নৈতিক অবক্ষয়ের গল্প) স্বর্ণপাম জয়ের সম্ভাব্য দাবিদার। কেউ মনে করছেন, জাপানের রিয়ুসুকে হামাগুচি পরিচালিত বৃদ্ধাশ্রমকেন্দ্রিক গল্প ‘অল অব অ্যা সাডেন’ এগিয়ে আছে। সিনেমা বিষয়ক প্রকাশনা স্ক্রিন ডেইলি’র জুরি গ্রিডে সর্বোচ্চ স্কোর পাওয়া তিনটি মুভি হলো ‘মিনোটর’, ‘অল অব অ্যা সাডেন’ এবং পোল্যান্ডের পাবেল পাবলিকস্কি পরিচালিত ‘ফাদারল্যান্ড’।আগে একবার করে স্বর্ণপাম জিতেছেন এমন দুই জন আছেন এবারের প্রতিযোগিতায়। তাদের মধ্যে রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনজিউ উৎসবে নিয়ে এসেছেন রেনাটে রাইন্সভে অভিনীত ‘ফিয়র’। আর জাপানের হিরোকাজু কোরে-এদা লড়াই করছেন ‘শিপ ইন দ্য বক্স’ নিয়ে।ইউরোপীয় নির্মাতাদের প্রাধান্য থাকা এবারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে আছেন দুই পরিচালক। এরমধ্যে জেমস গ্রে’র ‘পেপার টাইগার’-এ অ্যাডাম ড্রাইভার এবং আইরা স্যাক্স পরিচালিত ‘দ্য ম্যান আই লাভ’ সিনেমায় আছেন রামি মালেক।

শনিবার (২৩ মে) স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে ফ্রান্সের দক্ষিণে কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে স্বর্ণপাম তুলে দেবেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন। এছাড়াও দেওয়া হবে গ্রাঁ প্রি, জুরি প্রাইজ, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও সেরা চিত্রনাট্যের পুরস্কার। এগুলো বিজয়ীদের হাতে তুলে দেবেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জিনা ডেভিস, কানাডিয়ান পরিচালক-অভিনেতা জেভিয়ে দোলান, ইতালিয়ান অভিনেতা পিয়েরফ্রান্সেসকো ফাভিনো, মেক্সিকান অভিনেতা-পরিচালক গায়েল গার্সিয়া বার্নাল, লেবানিজ পরিচালক-অভিনেত্রী নাদিন লাবাকি এবং অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জোয়ি সালদানিয়া।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগ দুটির জুরি সভাপতি স্প্যানিশ পরিচালক কার্লা সিমন স্বর্ণপাম জয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ঘোষণা করবেন। ক্যামেরা দ’র বিভাগের জুরি সভাপতি মনিয়া শোকরি কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন ও সমান্তরাল বিভাগে নির্বাচিত যেকোনো একজন নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে পুরস্কার দেবেন।

অনুষ্ঠানে কিংবদন্তি আমেরিকান অভিনেত্রী-গায়িকা বারব্রা স্ট্রাইস্যান্ডকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে। তবে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তার অনুরোধে ফরাসি অভিনেত্রী ইজাবেল উপের সম্মানসূচক স্বর্ণপাম প্রদান করবেন এবং বারব্রা স্ট্রাইস্যান্ডের কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে কিছু কথা বলবেন।

গত ১২ মে ফরাসি রোমান্টিক কমেডি ‘দি ইলেক্ট্রিক কিস’ প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই বর্ণিল আয়োজনের পর্দা নামছে আজ শনিবার।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।