etcnews
ঢাকাTuesday , 5 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

দোকান দখলের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: জাবি ছাত্রদল নেতা

etcnews
May 5, 2026 7:20 pm
Link Copied!

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা তার বিরুদ্ধে ওঠা দোকান দখল, চাঁদাবাজি ও অসদাচরণের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বট আইডি এবং কয়েকটি গণমাধ্যম একপাক্ষিকভাবে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে সেলিম রেজা বলেন, গত ২ মে তিনি একটি পরিচিত ব্যক্তির অনুরোধে প্রান্তিক এলাকার একটি দোকান ভাড়া সংক্রান্ত খোঁজ নিতে যান। সেখানে গিয়ে একটি খালি দোকান দেখতে পেয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরে বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

তিনি দাবি করেন, পরদিন আবার সেখানে গেলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। “একজন দোকানদার আমাকে জানায়, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে আমাকে সেখানে নিয়ে যাওয়ার কারণে। বিষয়টি জানতে আমি আবার সেখানে যাই এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি,” বলেন তিনি।

এ সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন সেলিম রেজা। তিনি বলেন, “একজন ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমি এর প্রতিবাদ জানিয়েছি। তবে আমি কারও সঙ্গে চাঁদাবাজি বা দোকান দখলের চেষ্টা করিনি।”

শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরের সঙ্গে কথোপকথনের বিষয়ে তিনি বলেন, “আমি কোনো ধরনের অসম্মানজনক বা কটূক্তিমূলক কথা বলিনি। আমি নিজেও জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী। তাই একজন শহীদ পরিবারের সদস্যকে অসম্মান করার প্রশ্নই আসে না।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “যদি প্রমাণ করা যায় যে আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে আমি তা মেনে নেব।”

এ ঘটনায় প্রকাশিত সংবাদগুলোকে ‘অপপ্রচার’ উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকেও তথ্য যাচাইয়ের আহ্বান জানান। পাশাপাশি তিনি দাবি করেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ ছড়াচ্ছে।

উল্লেখ্য, গত রোববার প্রান্তিক এলাকার মামা প্লাজায় একটি ঘটনাকে কেন্দ্র করে সেলিম রেজার বিরুদ্ধে শহীদ সিয়ামের পিতার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে, যা নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা সৃষ্টি হয়।

/কানিজ/আমানুল্লাহ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।