etcnews
ঢাকাSunday , 11 January 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা

etcnews
January 11, 2026 12:16 pm
Link Copied!

৯০ এর গণঅভ্যুত্থান এবং ২৪ এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। ২৪ এর গণঅভ্যুত্থানের ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে আমার দলের আর কোনো নেতাকে দেখেনি। তাই বলি ‘যখন তোমার কেউ ছিলোনা তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি’ বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুর তার নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিসের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, মূলত আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থন্বেষী মহলের আপন নই। কারণ আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবনকে বাজি ধরেছি। 

তিনি বলেন, যারা কিছুদিন আগেও কচু ক্ষেতের তলায় ছিলো, হ্যাজেক বাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না তারাও এখন আমার নেতাকর্মীকে মামলার ভয় দেখায়। ১৫ মাসে এতো চর্বি হয়েছে যে- আমার নেতাকর্মীদের হুমকি দেয়।

শেখ হাসিনার মত শক্তিশালী প্রশাসনকেও এক মূহুর্তের জন্য ভয় পাইনি উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তাই ব্যালটবাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার কাজের সুযোগ নাই। তাই কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গায়ে একটা টোকা দেয়ার আগে আমার মত প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে। 

জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই- সেটা হলো ৫২ এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি। সেই আন্দোলন করেছিলো কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ। যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তাদের আত্মত্যাগেই ছিলো বায়ান্নর ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে গণমানুষের দাবি জয় লাভ করেছিলো।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জানুয়াদে খানসহ নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।