রায়ের কপি ছিঁড়ে ফেলার অভিযোগ
রায়ের কপি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক জেলা জজের বিরুদ্ধে। শরীয়তপুরে জমি-সংক্রান্ত এক দেওয়ানি মামলায় সিনিয়র সহকারী জজের দেওয়া রায় মনঃপূত না হওয়ায় সেখানকার সিনিয়র জেলা ও দায়রা জজ রায়ের কপিটি ছিঁড়ে ফেলেন। এ ছাড়া ওই মামলার নথি তলবে জালিয়াতি, রায় ঘোষণা হয়ে গেলেও পুরোনো তারিখ দিয়ে মামলা বদলির মতো ঘটনাও ঘটেছে। রায়ের কপি ছিঁড়ে ফেলার ঘটনা জানাজানি হলে অধস্তন বিচারক সিনিয়র সহকারী জেলা জজ আরিফুল ইসলামকে (বর্তমানে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) ডেকে বাড়াবাড়ি করলে এসিআর খারাপ দেওয়াসহ পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন জেলা জজ মো. সোলাইমান।
এতে উঠে এসেছে, অধস্তন ওই বিচারক রায় ছিঁড়ে ফেলার বিষয়টি অন্য বিচারকদের জানানোয় তাকে অকথ্য ভাষায় গালাগাল করছেন জেলা জজ। একপর্যায়ে জেলা জজকে বলতে শোনা যায়, ‘তুমি ফারদার (ফের) এগোলে, আমি তোমাকে ছাড়ব না। তুমিও স্টপ (থেমে) হয়ে যাও, আমিও স্টপ হয়ে যাব।’ এদিকে মামলার রায়ের কপি ছিঁড়ে ফেলা, দুর্ব্যবহার ও ক্ষতি করার হুমকির বিচার চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা ও আইন সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিচারক আরিফুল ইসলাম। বিচারক আরিফুল তার অভিযোগপত্রে দেওয়ানি ১৬৭/২১ নম্বর মামলার রায়ের মূল কপিটি ছিঁড়ে ফেলে নথি অন্য কোর্টে পুনর্বিচারের জন্য প্রেরণ করায় এবং তার সঙ্গে দুর্ব্যবহার ও ক্ষতিগ্রস্ত করার হুমকি প্রদান করায় আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

