কর্মরত পুলিশ সদস্যদের প্রতিনিধি না রেখেই পুলিশ কমিশন অধ্যাদেশ প্রায় চূড়ান্ত করেছে সরকার। এতে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, বর্তমানে যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, সে আলোকে গঠন হলে স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। তবে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলছেন, কমিশনের শতভাগ নিরপেক্ষতার স্বার্থে কর্মরত সদস্যদের প্রতিনিধি রাখা হয়নি। পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত ভেটিং শেষে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। খসড়ায় পুলিশের কর্মকাণ্ডে দায়মুক্তির বিষয়টি রাখা হয়নি। বিষয়টি নিয়ে কর্মরত পুলিশ সদস্যরা আইজিপির সঙ্গেও সাক্ষাৎ করে তাদের চাহিত বিষয়গুলো তুলে ধরেছেন।
পুলিশ কমিশন অধ্যাদেশ জারির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে পুলিশের ডিআইজি কাজী জিয়া উদ্দিন কালবেলাকে বলেন, ‘আমরা অধ্যাদেশের খসড়া তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে আইন মন্ত্রণালয়ে গেছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে রাষ্ট্রপতির কাছে যাবে।’

